এআই পণ্য বিক্রিতে ২০০০ জনবল নিয়োগ দেবে সেলসফোর্স

১৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৭  

ক্লাউড সফটওয়্যার জায়ান্ট সেলসফোর্স তাদের এআই টুল বিক্রির জন্য ২,০০০ নতুন বিক্রয় প্রতিনিধি নিয়োগের পরিকল্পনা করেছে। খবর রয়টার্স।

সিএনবিসি'র প্রতিবেদনে জানানো হয়েছে যে, সেলসফোর্সের সিইও মার্ক বেনিওফ মঙ্গলবার এক কোম্পানি ইভেন্টে এই নিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। গত মাসে ব্লুমবার্গকে দেওয়া একটি সাক্ষাতকারে বেনিওফ যেটি বলেছিলেন, এই পরিকল্পনা তার দ্বিগুণ। তিনি উল্লেখ করেন, এই ২,০০০ পদের জন্য ইতিমধ্যেই ৯,০০০ রেফারেল পেয়েছে কোম্পানিটি।

সেলসফোর্স আগামী ফেব্রুয়ারিতে তাদের দ্বিতীয় প্রজন্মের এআই এজেন্ট সফটওয়্যার প্রকাশের আগে এই বড় নিয়োগ উদ্যোগ নিচ্ছে।

টেকক্রাঞ্চের ইকুইটি পডকাস্টে বেনিওফ বলেছেন, তিনি আশা করেন আগামী ১২ মাসে সেলসফোর্স এক বিলিয়নেরও বেশি এজেন্ট পরিচালনা করবে। জেনারেটিভ এআই নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “সেলসফোর্সে আমি কখনো এতটা উচ্ছ্বসিত হইনি, সম্ভবত আমার ক্যারিয়ারেও না”।

এআই পণ্য বিক্রি ও প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় সেলসফোর্সের এই উদ্যোগ তাদের বাজার অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি